ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে ‘অবৈধ’ বলে মন্তব্য করেছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন।
বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে চীন সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ও টেকসই যুদ্ধবিরতি প্রয়োজন।
তিনি আরও বলেন, অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এবং সংকট সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ অত্যন্ত জরুরি।
চীনের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আরাঘচি বলেন, বেইজিং তেহরানের ‘বিশ্বস্ত বন্ধু’। তিনি ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে ‘প্রকাশ্য আগ্রাসন’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং ন্যায্য ও সমন্বিত সমাধান ছাড়া কোনো প্রস্তাবে রাজি না হওয়ার কথা জানান।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সম্ভাব্য বেইজিং সফরের আগে এই বৈঠক কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন, চীন ও ইরান নিজেদের কৌশলগত অবস্থান আরও সমন্বিত করার চেষ্টা করছে।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানকে কেন্দ্র করে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, যা দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা বা কঠোর পদক্ষেপের পথ তৈরি করতে পারে।




