২০১৬ সালের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। সোমবার (১৮ মে) প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্তকারী সংস্থা সিআইডি তা জমা দিতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। হ্যাকাররা সুইফট কোড ব্যবহার করে অর্থ ফিলিপাইনে স্থানান্তর করে বলে জানা যায়।
সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় এই অর্থপাচারের ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।




