জাতীয়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।
স্থানীয় সময় সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি আবাসিক ভবনে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ এক সিরীয় নাগরিক নিহত হন। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় তারা নিজ বাসায় অবস্থান করছিলেন। হঠাৎ ইসরায়েলি ড্রোন হামলায় তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।
নিহত শফিকুল ইসলাম ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে তিনি লেবাননে পাড়ি জমান। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোকে ভেঙে পড়েছেন তার স্বজনরা।
অন্যদিকে, নাহিদুল ইসলামের মৃত্যুর খবরে তার পরিবারেও চলছে শোকের মাতম। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
বর্তমানে নিহত দুই বাংলাদেশির মরদেহ লেবাননের নাবিহ বেররী সরকারি হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।
ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবলু মাস্টার শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.