করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১৪ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে ৬৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৩ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছায়। পরবর্তী ২০ দিনে আরো নয় হাজার রোগী শনাক্ত হয়। বর্তমানে ৬৩তম দিনে ১৩ হাজার ৭৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ শনিবার বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪০ লাখ ২৬ হাজার ৮৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৫৭ হাজার ৩০৯ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৫০১ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৩ লাখ ৯৩ হাজার ১৬০ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৭৬ হাজার ৩৭৭ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




