আর্ন্তজাতিক জাতীয়

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রতি মিনিটে ২ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রতি ৩৩ সেকেন্ডে একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে গত ২০ ডিসেম্বরের আগের সাত দিনে নভেল করোনাভাইরাসে ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। এই মৃত্যুহার আগের সপ্তাহের চেয়ে ৬ দশমিক ৭ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা ভ্রমণে নিরুৎসাহিত করে এলেও মানুষজন তেমন একটা মানছেন না। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর তথ্য অনুযায়ী, বছর শেষের ছুটিতে গত ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর অর্থাৎ শুক্র, শনি ও রোববার—এই তিন দিনে ৩২ লাখ মানুষ ভ্রমণে বের হয়েছে।

এর আগে ‘থ্যাংকসগিভিং ডে’ উদযাপনেও ব্যাপক ভ্রমণের ফলে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়েছিল। এখন আবার বছর শেষের ছুটিতে ঘোরাঘুরিতে সংক্রমণ বাড়ছে। ফলে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়ে যেতে পরে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। কোনো কোনো হাসপাতালে এরই মধ্যে ধারণক্ষমতার সমসংখ্যক মানুষকে চিকিৎসা দিচ্ছে। এ কারণে বেশ দুশ্চিন্তায় পড়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যদিও এরই মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে।

এ ছাড়া আশার কথা হচ্ছে, দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্তের হার কমেছে। বর্তমানে নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৩ শতাংশ পজিটিভ আসছে। এই হার এর আগের সপ্তাহে ছিল ১২ শতাংশ। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ৩১টিতে ১০ শতাংশের বেশি হারে সংক্রমণ হচ্ছে। তবে আইওয়া ও আইডাহো অঙ্গরাজ্যে নমুনা পরীক্ষার ৪০ শতাংশ পজিটিভ এসেছিল।

নমুনা পরীক্ষায় পাঁচ শতাংশের বেশি মানুষের পজিটিভ এলে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কারণ, এ অবস্থায় অনেকেই শনাক্তকরণের বাইরে থেকে যাচ্ছেন বলে ধারণা করা হয়।