অর্থনীতি আর্ন্তজাতিক

আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণ ভরিতে এক হাজার ৩৬৪ টাকা কমেছে। আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৬ হাজার ৯০৮ টাকায় বিক্রি হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দাম অনুসারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ ৬ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৬৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকা।

এর আগে মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল দুই লাখ ৮ হাজার ২৭২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।