মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ শুক্রবার (১ মে) বেলা আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সমাবেশে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে। ভোরের প্রবল বর্ষণে নয়াপল্টনের সড়কে পানি জমে থাকলেও দুপুরের আগেই তা সরে যায়। এরপর ধীরে ধীরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন, ফলে এলাকায় বাড়তে থাকে কর্মচাঞ্চল্য ও জনসমাগম।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশস্থল ও আশপাশ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।




