সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী একটি পিকআপের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন
সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০),
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০),
একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫)
এবং মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।




