হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারে সম্ভাব্য বহুজাতিক উদ্যোগের অংশ হিসেবে যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য। শনিবার (৯ মে) ব্রিটিশ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ইরান যুদ্ধ শুরুর কিছুদিন পর, গত মার্চে সাইপ্রাসের নিরাপত্তা সহায়তায় আকাশ প্রতিরক্ষা সক্ষম এই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল। এবার সেটিকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে দক্ষিণ লোহিত সাগরে নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে একটি প্রতিরক্ষামূলক পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এইচএমএস ড্রাগনের প্রস্তুতি একটি কৌশলগত পরিকল্পনার অংশ। পরিস্থিতি অনুকূলে এলে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত সম্ভাব্য বহুজাতিক নিরাপত্তা মিশনে জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রায় ১০ সপ্তাহের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান ধীরে ধীরে উত্তেজনা কমানোর পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি একটি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে লন্ডন ও প্যারিস। পরিকল্পনাটি বাস্তবায়নে ইরানের সঙ্গে সমন্বয় জরুরি হবে এবং ইতোমধ্যে কয়েকটি দেশ এতে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে।




