স্কুল পর্যায় থেকেই শিক্ষা কারিকুলামে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় এর সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালায় তিনি এ কথা বলেন। “বাংলাদেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর” শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানো সময়ের দাবি। প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যক্রমে পরিবর্তন এনে নৈতিক মূল্যবোধ ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, শুধু সনদভিত্তিক শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব নয়। এজন্য শিক্ষার্থীদের বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
তারেক রহমান আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সময়োপযোগী শিক্ষা কারিকুলামের বিকল্প নেই। এ কারণে সরকার ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবধর্মী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থায় অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সমন্বয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা পড়াশোনার সময়ই কর্মদক্ষ হয়ে উঠবে এবং শিক্ষা জীবন শেষে বেকারত্বের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।




