করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৬ এপ্রিল থেকে আগামী ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। যেহেতু ৬ মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি আছে, সেহেতু ওইদিন সরকারি ছুটি থাকবেই। তবে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটির নোটিশ হবে। এ সময়ের মধ্যে জরুরি প্রয়োজনে কিছু মন্ত্রণালয় খোলা থাকবে বলেও জানান তিনি।
এর আগে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ছুটি বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় তৃতীয় দফায় ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।



