জাতীয়

ঈদ উজ্জাপনে ব্যক্তিগত গাড়িতে গ্রামের বাড়ি যাওয়া বাধা নেই।

ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা থেকে গ্রামের বাড়ি যেতে বাধা নেই। যাঁরা গ্রামের বাড়ি যেতে চান, তাঁরা নিজস্ব পরিবহন ব্যবস্থায় যেতে পারবেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। বলা হচ্ছে, বাড়ি ফিরতে তাঁদের বাধার সম্মুখীন হতে হবে না।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর ডিভিশনের দারুস সালাম জোনের এডিসি মাহমুদা আফরোজ লাকী ও যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদা আফরোজ লাকী বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমি মৌখিক নির্দেশনা পেয়েছি, মাইক্রোবাস বা প্রাইভেটকারে ঢাকায় প্রবেশ ও বের হতে পারবেন সাধারণ মানুষ। তবে তাঁরা কেউ গণপরিবহনে ঢাকা ছাড়তে বা ঢাকায় ঢুকতে পারবেন না। রাতেই আমরা চেকপোস্ট তুলে নিয়েছি। যদিও রাতে তেমন কেউ ঢাকা ছাড়েনি বা ঢাকায় আসেনি।’

মাহমুদা আফরোজ লাকী বলেন, ‘সকাল থেকে সেভাবেই আমরা কার্যক্রম পরিচালনা করা শুরু করেছি। মানুষ গাড়ি ভাড়া করে ব্যক্তিগত গাড়ি বলে চালিয়ে গ্রামে ফিরছেন। সব চলছে, শুধু গণপরিবহনটা চলছে না। এ ছাড়া মানুষ হেঁটেও যাতায়াত করতে পারবেন।’

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ব্যক্তিগত গাড়িতে করে গ্রামে ফিরতে পারবেন মানুষ, এ নির্দেশনা পেয়েছি গতকাল রাতে। এখন মানুষ ঢাকা ছাড়ছেন। গ্রামে যাচ্ছেন। ঈদ উদযাপন করবেন। শুধু গণপরিবহন চলবে না।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ব্যক্তিগত গাড়িতে গ্রামে ফেরার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা মানুষের সুবিধার কথা চিন্তা করেই নেওয়া হয়েছে। এটা সরকারের উচ্চ মহলের সিদ্ধান্ত। সুতরাং আমরাও আমাদের কার্যক্রম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা করব।’