অর্থনীতি জাতীয়

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা

ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৩৭ শতাংশ। আজ বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ তিন হাজার ৮৩৯ কোটি টাকা। গত জুনের তুলনায় সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে এক দশমিক ৩৩ শতাংশ। জুনে মোট বিতরণকৃত ঋণ ছিল ১৭ লাখ ৬৮ হাজার ৩৬৮ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ছিল ছয় লাখ আট হাজার ৩৪৫ কোটি টাকা বা ৩৪ দশমিক ৪০ শতাংশ।

এছাড়া, রক্ষিততব্য প্রভিশন ও প্রভিশন ঘাটতিও বেড়েছে। জুন মাসে রক্ষিততব্য প্রভিশন যেখানে ছিল চার লাখ ৪৬ হাজার ৬৬১ কোটি টাকা, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় চার লাখ ৭৪ হাজার ৫৯৭ কোটি টাকায়। একইভাবে, প্রভিশন ঘাটতি জুনে তিন লাখ ১৯ হাজার ৭২০ কোটি টাকা থেকে বেড়ে সেপ্টেম্বরে তিন লাখ ৪৪ হাজার ২৩১ কোটি টাকায় পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি কঠোরভাবে প্রয়োগের ফলে ব্যাংকগুলোর খেলাপি ঋণের প্রকৃত চিত্র এখন সামনে আসছে। এর আগে অনেক ঋণগ্রহীতা ঋণ পরিশোধ না করলেও কাগজে-কলমে সেটি স্বাভাবিক দেখানো হতো। বর্তমানে বাস্তব পরিস্থিতি স্পষ্ট হওয়ায় ব্যাংকিং খাতের আসল ঝুঁকি বোঝা সম্ভব হচ্ছে।