গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত বেড়ে নতুন করে ৭৮৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আত্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৯২৯ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।
মঙ্গলবার (৫ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ। এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (৫মে) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫২ হাজার ২৪১ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৫ হাজার ৫৩৯ জন। অপরদিকে ১১ লাখ ৯৫ হাজার ৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।




