জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত এক হাজার ৯৮৮ জন ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৯৮৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ চার হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৯১৪ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৪৪ হাজার ৬৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০৯টি ল্যাবে ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৩৯০টি। নমুনা শনাক্তের হার নয় দশমিক ৮১ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৩৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন নয় হাজার ১৬০ জন ও নারী তিন হাজার ৫৩৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন ও ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশালে বিভাগে দুজন, সিলেট বিভাগে তিনজন ও রংপুর বিভাগে তিনজন রয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতালে ২৮ জন ও বেসরকারিতে ছয়জন মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।