জাতীয়

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪,০০৮ জন।

নভেল করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৩০৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪ হাজার ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৯৮ হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৭‌ হাজার ৫২৭ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে চার হাজার আটজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার ২২ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯২২ জনের নমুনা সংগ্রহ হয়।

বুলেটিনে ডা. নাসিমা আরো বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৫ জন। এ ছাড়া বয়সের বিশ্লেষণে দেখা গেছে মৃতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১০ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন।

অধ্যাপক নাসিমা আরো বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনার দুজন, সিলেটের একজন, ময়মনসিংহের দুজন এবং রংপুর বিভাগের একজন। মোট শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭ জন এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়েছে, আর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯২৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছে ৩৮ হাজার ১৮৯ জন, যা মোট আক্রান্তের ৩৮ দশমিক ৭৭ ভাগ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।