করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৮৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে ৭৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৮ হাজারের বেশি।
করোনায় আক্রান্ত বিশ্বের ৩৭ লাখ ৪০ হাজার ৫৯১ জন। তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ২৪৪ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ২১২ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৫৮ হাজার ৪৮১ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




