জাতীয়

গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২,৭৪৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৭৮১ জনে। এ ছাড়া এই সময়ে নতুন করে আরো দুই হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছে। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৫ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে আরো দুই হাজার ৭৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৫ হাজার ৯১ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭ জনে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো দুই হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৫ হাজার ৭৩৮ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৮ দশমিক ১৪ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণকারী তিন হাজার ৭৮১ জনের মধ্যে পুরুষ দুই হাজার ৯৮৭ (৭৯ শতাংশ) ও নারী ৭৯৪ জন (২১ শতাংশ) মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪১ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন ও ষাটোর্ধ্ব ২৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মৃত ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে তিনজন, রংপুর বিভাগের তিনজন ও ময়মনসিংহে একজন।