কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ২২৬ জনে। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় সাত হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৬ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৬৮৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৯ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সাত লাখ ১৭ হাজার ৮১২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং এক লাখ ৮৪ হাজার ২২৬ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




