কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বামীর সামনে থেকে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) গভীর রাতে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. আশিক (৩১), মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)। তারা সবাই চান্দিনা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলা থেকে এক দম্পতি আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা দেন। পথে রাত ১০টার দিকে কামারখোলা এলাকায় অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা সেটি ঠেলে এগোতে থাকেন।
এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে তাদের পথরোধ করে। পরে আরও কয়েকজনকে ডেকে এনে স্বামীকে আলাদা করে ফেলে স্ত্রীকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনাকালে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার স্ত্রীকে উদ্ধার করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর একজন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন এবং তার চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।



