জাতীয়

বাংলাদেশ কার্যত লকডাউনের পথে যাচ্ছে- স্বাস্থ্যমন্ত্রী।

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ কার্যত লকডাউন হয়ে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, ফরিদপুর ও মাদারীপুরের পরিস্থিতি অবনতির দিকে। ইতোমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছেন। করোনায় এ পর্যন্ত ২০ জনকে শনাক্ত করা হয়েছে। এর বেশির ভাগই ফরিদপুর ও মাদারীপুরের। করোনা ভাইরাসে বুধবার ঢাকায় ১ জনের মৃত্যু হয়েছে একটি অভিজাত হাসপাতালে। রাজশাহী থেকে সব দূর পাল্লার বাস বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ বিমান তার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধ রাখার কথা জানিয়েছে। ওয়াজ-মাহফিল, সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।