জাতীয় দুর্যোগ

বিশ্বব্যাপী এক সপ্তাহে ৪৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত

গত এক সপ্তাহে বিশ্বব্যাপী নতুন করে ৪৬ লাখেরও বেশি মানুষ মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ার শুরু থেকে এক সপ্তাহের হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার রাতে এ খবর জানিয়েছে। খবর তাসের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯-এ মোট ৪৬ লাখ ১২ হাজার ৭৯০ জন আক্রান্ত হয়েছে এবং ৭৯ হাজার মানুষ মারা গেছে। আগের যেকোন সাত দিনের তুলনায় এ আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

এর আগের সপ্তাহে, ৭ থেকে ১৩ ডিসেম্বর, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট ৪৩ লাখ ২৯ হাজার ৯২৭ জন আক্রান্ত হয় এবং ৭৫ হাজার ৩৮ জন প্রাণ হারায়।

আক্রান্তদের অধিকাংশ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর বাসিন্দা। গত সপ্তাহে এ দুই অঞ্চলের দেশগুলোতে ২৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে একই সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে যত মানুষ প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশই ইউরোপের বাসিন্দা। সাপ্তাহিক হিসাবে গত এক সপ্তাহে ইউরোপে ৩৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা যায়।

গত ১৪ থেকে ২০ ডিসেম্বর এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ সময়ের মধ্যে ব্রাজিলে আক্রান্ত হয়েছে তিন লাখ ২৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে তুরস্কে এক লাখ ৯৪ হাজার, রাশিয়ায় এক লাখ ৯৪ হাজার, ভারতে এক লাখ ৭৪ হাজার এবং জার্মানিতে এক লাখ ৭৩ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।