স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিইনি। অনেক অবহেলা করেছি। এর ফল আমরা করোনাকালে পেয়েছি। শুধু আমরাই নই, কোনো দেশই স্বাস্থ্যখাতকে তেমনভাবে গুরুত্ব দেয়নি। করোনা মহামারিতে এসে সবাই এটা বুঝতে পারছে। আমরা কতটা অসহায়, সেটা এখন দেখেছি।’
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য আমাদের আরও বেশি এগিয়ে আসা দরকার। স্বাস্থ্যসেবার বিপর্যয় ঘটলে মানুষের কী অবস্থা হয়, করোনাকালে বিশ্ববাসী এটা বুঝতে পারছে। স্বাস্থ্যখাতে বিপর্যয় হলে দেশের সব উন্নয়ন থেমে যায়, দেশে শান্তি থাকে না, সামাজিক অশান্তি সৃষ্টি হয়।’
মন্ত্রী বলেন, বর্তমানে স্বাস্থ্যখাতে আমাদের বাজেট জিডিপির মাত্র ০.৯ শতাংশ। জিডিপিতে এটাকে নয় থেকে ১০ শতাংশে নেওয়া যায় কীভাবে, আমরা সে লক্ষ্য নিয়ে কাজ করছি।
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার প্রথম ঢেউ আমরা যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিলাম। বর্তমান সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণ সম্পর্কে সচেতন না হলে সামনে আবার করোনার তৃতীয় ঢেউ চলে আসতে পারে। তখন অবস্থা আরও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। এ কারণে করোনার হাত থেকে বাঁচতে চাইলে দেশের প্রতিটি মানুষকে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।




