জাতীয়

শপিংমল খুললে সংক্রমণ আরও বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে দোকানপাট ও গার্মেন্ট খুলে দেয়ায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠকের আগ মুহূর্তে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে। বঙ্গবন্ধু মেডিকেলেও টেস্টের সক্ষমতা বাড়ানো হবে।

তিনি জানান, গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা ও পরামর্শ সরকারের কাছে শিগগিরই জমা দেয়া হবে। এসময় দোকানপাট ও গার্মেন্টস খুলে দেয়ায় সংক্রমণ আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯২৯ জনে। এছাড়া নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।