নির্বাচনকে সামনে রেখে এবার থানা পর্যায়েও লটারির মাধ্যমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন।
এসময় তিনি পুলিশ সুপার (এসপি) পদায়ন প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলেন, জেলার আয়তন নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে জেলাগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে এসপি পদায়ন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের (এসপি) পুনর্বিন্যাস করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনে লটারির মাধ্যমে এসব এসপিদের নির্বাচন করা হয়, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।
এদিকে, বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।




