আইন ও বিচার জাতীয়

২ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হত্যা মামলার দুইটিতে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুইটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন পূর্বে নিম্ন আদালত মঞ্জুর করেছিল। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ওই পাঁচ মামলায় তিনি গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান। তবে সেই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে বিষয়টি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।
এদিকে, একই দিনে আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে, পৃথক এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। এসব জামিনের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল করে, যা বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন।
সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে আপিল বিভাগ আগামী ৩ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published.