আইন ও বিচার জাতীয়

আওয়ামী লীগ আমলে হত্যা, গুম ও নির্যাতন ঘটনায় ১,৮৫৫ মামলা:-আসাদুজ্জামান

সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলায় মোট ১,৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি জানান, দায়ের করা মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় ১,০৫৬টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য উপস্থাপন করেন।
মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ১৫৮টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলাসহ মোট ১৫৮টি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, অবশিষ্ট ১,৬৯৭টি মামলার তদন্ত এখনও প্রক্রিয়াধীন। তিনি বলেন, বিপুলসংখ্যক মামলার তদন্ত সময়সাপেক্ষ হলেও দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ কাজ করছে।
প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো দুর্বলতা না থাকে।
জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জামিন প্রদান সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় আসামিদের জামিনের বিরোধিতা করছেন।
তিনি আরও বলেন, অতীতের এসব অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।