প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না। তাই তিনি দলগুলোর দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা কামনা করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন আয়োজন করা জাতির প্রতি সব রাজনৈতিক দলেরই অঙ্গীকার। নির্বাচন কমিশনও দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।
আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্ব আরোপ করে সিইসি নাসির উদ্দিন বলেন, কমিশনের প্রত্যাশা—সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি বজায় রাখবে।
আজ প্রথম পর্বে জামায়াতে ইসলামীসহ মোট সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা আলোচনায় উপস্থিত আছেন।
অন্যদিকে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসি বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ মার্কসবাদীর (নতুন দল) সঙ্গে মতবিনিময় করবে।
এর আগে গত ১৩, ১৬ ও ১৭ নভেম্বর দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ করেছে ইসি।




