দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতেও এমন আবহাওয়া দেখা যেতে পারে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া, পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।




