দেশের দুঃসময়ে দুর্নীতি থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা সমূহের ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের দুর্ভোগের সময় ত্রাণ নিয়ে কেউ নয়-ছয় করবেন না। তাহলে কিন্তু রক্ষা পাবেন না । নয়-ছয় করলে আপনাকে ধরা পড়তেই হবে। টাকা-পয়সা কিন্তু লুকানো যায় না। দুঃসময়ে কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে, তাকে কিন্তু আমি ছাড়বো না।
তিনি বলেন, সবাই সতর্ক থাকবেন। সতর্ক থাকলে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যে সতর্কবাণী দিয়েছি এই সতর্কতা মেনে চলবেন। তাহলে অনেক জীবন রক্ষা পাবে। এপ্রিল মাসটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। তবে সতর্ক থাকলে আমাদের দুশ্চিন্তা অনেকটা কাটবে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের একজন ছাত্র কোনোভাবে রোগে আক্রান্ত হয়, কিন্তু সে যখন হাসপাতালে চিকিৎসা করতে যায়, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়ায় কোনো ডাক্তার পায়নি চিকিৎসা করাতে। এটা সত্যিই খুব কষ্টকর, সত্যিই খুব দুঃখজনক। ডাক্তাররা কেন চিকিৎসা করবে না? যারা চিকিৎসা দেয় না তাদের ডাক্তারি করার অধিকার নেই।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে ১২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। মৃত্যুর সংখ্যা ১২। বেশিরভাগই বয়স্ক। অধিকাংশই যারা মারা গেছেন তাদের ডায়বেটিকস ছিল, হার্টের সমস্যা ছিল, শারীরিকভাবে দুর্বল ছিলেন তারা।“




